
ঢাকার গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘স্লোগান দেওয়ার’ অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে আদালত জামিন দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন তার জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ আগস্ট ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজনের মধ্যে বাকি দুই আসামি হলেন রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।
গ্রেপ্তারের পর ২৫ আগস্ট সাইদসহ তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। আদালতে তদন্ত কর্মকর্তা সাইদকে জন্মগত বাকপ্রতিবন্ধী হিসেবে তুলে ধরেন।